Friday, April 19, 2019

শবে বরাতের তাৎপর্য

শবে বরাতের তাৎপর্য যাদের ধারণা রয়েছে যে, শবেবরাত এবং পনেরই শা’বান রাতের কোন অস্তিত্ব, কোন হাকিকত, ফযিলত এবং কোনরূপ বিশেষত্ব নেই, তারা যেন শবেবরাতের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সিহাসিত্তার বিশ্বস্ত কিতাব জামে তিরমিযির ২য় খÐ ৭৩৯নং হাদিস খুলে দেখেন। তাদের জন্য উচিৎ হল এ সম্পর্কে জানা, হাদিসের কিতাবসমূহ খুলে দেখা এবং অজ্ঞতা বশতঃ মিথ্যা ফতওয়াবাজী করার পূর্বে এ বিষয়ে সঠিক জ্ঞান লাভ করার জন্য উস্তাদদের শরণাপন্ন হওয়া। ইমাম তিরমিযি (র.) পনেরই শাবান রাতের ফযিলত সম্পর্কে পরিচ্ছদ ঠিক করেছেন এবং শিরোনামও ঠিক করেছেন পনেরই শাবান রাত। এই শিরোনামের সাথে এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন যার বর্ণনাকারণী হলেন উম্মুল মু’মিনিন হযরত আয়েশা (রা.) এবং তাঁর থেকে বর্ণনা করেছেন হযরত উরওয়াহ (রা.)। হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন যে, আমি একদা রাত্রিবেলায় রাসূলে মকবুল (সা.) কে হারিয়ে ফেলি, তখন আমি হুজুর (সা.) এর তালাশে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে পড়ি, যখন আমি বের হলাম তখন নবীজী (সা.)কে জান্নাতুল বাকীতে আকাশের দিকে মাথা মোবারক উত্তোলন অবস্থায় পাই। হুজুর (সা.) আমাকে দেখে ইরশাদ করতে লাগলেন, হে আয়েশা! তুমি কি এই বিষয়ে ভয় করছ যে, আল্লাহ ও তাঁর রাসূল তোমার উপর জুলুম করবেন? হযরত আয়েশা (রা.) বললেন, হে আল্লাহর রাসুল, আমি ধারণা করছিলাম যে সম্ভবতঃ আপনি আপনার অপর কোন বিবি মুহতারামার ঘরে তাশরিফ নিয়ে গেছেন। তখন আল্লাহর রাসূল ইরশাদ করলেন, হে আয়েশা! নিশ্চিয়ই এটি শাবান মাসের পনেরই রাত। এই রাতে আল্লাহতায়ালা এক বিশেষ শানের সাথে দুনিয়ার আকাশের দিকে অবতরণ করেন এবং বনী কলব গোত্রের ছাগল গুলোর গায়ে যত সংখ্যক লোম আছে এর থেকে বেশি সংখ্যক গুনাহগার বান্দাহগণকে ক্ষমা করে দেন। (মুসনাদে আহমদ) এই হাদিস শরীফ থেকে দু’টি বিষয় প্রমাণিত হলো, একটি হল, ইমাম তিরমিযি (র.) পনেরই শাবান রাতের শিরোনামে পূর্ণ অধ্যায় ঠিক করা, অন্যটি হল আয়েশা সিদ্দিকা (রা.) হতে হুজুর (সা.) এর সুন্নাত এর বর্ণনা করা যে, শা’বানের রাতে উঠে ইবাদত করা হুজুর (সা.) এর বিশেষ অভ্যাস ছিল এবং শুধু ইবাদত নয়, এই রাতে হুজুর (সা.) জান্নাতুল বাকী কবরস্থানে তাশরীফ নিয়েছেন। কোন কোন লোক এমন ভুল পথে আছে যে, তারা একথা বলে বেড়ায় যে কবরস্থানে যাওয়া এবং ফাতেহা পড়া কোথাও প্রমাণিত নেই। তবে ওদের জবাবে বলা যায় যে, তিরমিযি শরীফের অধ্যায় দ্বারা এটি প্রমাণিত এবং নবী করীম (সা.) এর সুন্নাত দ্বারা প্রমাণিত। এছাড়া সায়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক (রা.) এবং উম্মুল মুমিনিন হযরত আয়শা সিদ্দিকা (রা.) উভয়ের বর্ণনা দ্বারা প্রমাণিত। এবার সুনানে ইবনে মাজা দ্বিতীয় খÐ পৃষ্ঠা ১০৮ হাদিস নম্বর ১২৩৩। এটিও সিহাসিত্তার অন্যতম কিতাব। এর অধ্যায় হল, শা’বান মাসের পনেরই রাত সম্পর্কে বর্ণনা। সায়্যিদুনা হযরত আলী ইবনে আবি তালিব (রা.) থেকে হাদিস বর্ণিত যে, যখন পনেরই শা’বানের রাত আসে (যাকে শবে বরাত বলা হয়) হে লোকেরা এই রাতে তোমরা দাঁড়িয়ে নফল নামায পড়তে থাক ইবাদত বন্দেগী কর এবং দিনে রোযা রাখ। কারণ আল্লাহতা’য়ালা এই রাতের শুরু থেকে দুনিয়ার আকাশে এক বিশেষ শানের সাথে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত বান্দাদেও বখশীশ এবং মাগফিরাতের ঘোষণা দিতে থাকেন। এমনভাবে বলেন, আছো কোন ক্ষমা তলবকারী তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। আছো কোন রোজি তলবকারী আমি তাকে রোজি দান করব। আছো কোন রোগে আক্রান্ত ব্যক্তি আমি তাকে আরোগ্য করে দিব। এমনিভাবে বিভিন্ন প্রকারের প্রার্থীদের প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফজর পর্যন্ত আপন দান দক্ষিণার হাত বিস্তার করে থাকেন। ( ইবনে মাজা) অন্যান্য রাত এবং পনেরই শা’বানের রাতের মধ্যে পার্থক্য হল এই যে, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তা’য়ালা রহমত নাযিল করেন এবং সে সময় দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দাদের বখশিশের জন্য আহব্বান করতে থাকেন। আর পনেরই শাবানের রাত অর্থাৎ শবেবরাতের বৈশিষ্ট্য হল এই যে, আল্লাহতা’য়ালা সূর্য ডুবার সাথে সাথেই দুনিয়ার আকাশে এক খাছ শানের সাথে তজলি ফরমান এবং ফজর পর্যন্ত বান্দাদের বখশিশ ও মাগফিরাত করতে থাকেন। যখন হাদিসের কোন ইমাম শুধু একটি হাদিসই বর্ণনা করেননি বরং এর উপর অধ্যায় ঠিক করেন এবং এর অধীনে একাধিক হাদিস উল্লেখ করেন, এতে সন্দেহ নেই যে, এর দ্বারা তিনি কেবলমাত্র তাঁর কিতাবের মধ্যে শুধু একটি অধ্যায়ই ঠিক করেননি বরং এটি ছিল ইমাম ইবনে মাজার আক্বিদা ও বিশ্বাস। অনুরূপভাবে ইমাম নাসায়ী ও ইমাম তিরমিযি (র.) এর আক্বিদাহ বিশ্বাসও তদ্রæপ ছিল। তারা স্বয়ং রাতের বেলায় ইবাদত করতেন এবং তা উৎযাপিতও করতেন এবং গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগি আন্জাম দিতেন। ইমাম ইবনে মাজা (র.) হযরত আবু মুসা আশআরী (রা.) এর সূত্রে হাদিস বর্ণনা করেন, আল্লাহপাক পনেরই শা’বান রাতে দুনিয়ার আকাশে তশরীফ এনে মুশরিক এবং যাদের অন্তরে হিংসা-বিদ্বেষ ও উম্মতের প্রতি শত্রæতা রাখে এরূপ ব্যক্তি ব্যতীত সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। উল্লেখিত এবারত সহ হযরত মাআয ইবনে জাবাল (রা.) এর সূত্রে ইমাম তাবারানী (র.) ও ইমাম ইবনে হিব্বান (র.) বর্ণনা করেছেন। এ ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) আপন সনদে বর্ণনা করেছেন। এবং তিনি হযরত আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণনা করেছেন। অনুরূপভাবে হযরত আলী মর্তোজা (রা.) থেকেও বর্ণিত আছে। এছাড়া ইমাম বায়হাকী (র.) আয়েশা সিদ্দিকা (রা.) এর সূত্রে বর্ণনা করেছেন। এবং এতে রয়েছে, জিবরিল এসে এরশাদ করলেন, হে আল্লাহর রাসুল! এটি পনেরই শা’বানের রাত এটি আপনার জন্য উপঢৌকন স্বরূপ, এই রাত আল্লাহ তাআলা দোযখের আগুন হতে লোকদিগকে মুক্তি দান করেন। ফারসি-উর্দূ ভাষায় উক্ত রাতকে, শবে বরাতের নামে উল্লেখ করা হয়। এটি হল হাদীসে বর্ণিত ‘উতাক্বাউ মিনান্নার’। এর অনুবাদ, এটি প্রিয় নবীজী (সা.) কর্তৃক প্রদানকৃত উপাধী। উক্ত পনেরই শাবান রাতের হাদিস আট জন সাহাবি থেকে বর্ণিত। এ ছাড়া যা বর্ণনা করা হয়েছে এর বিশেষ তাৎপর্য হল মসনদে আহমদ ইবনে হাম্বলের লেখক আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে উক্ত হাদিস বর্ণনা করার পর এর উপর হাদিস সংক্রান্ত গবেষণামূলক আলোচনা করেছেন। উক্ত হাদিস সঠিক বলে তার অনেক স্বাক্ষী আছে। উল্লেখিত হাদিস ইবনে আবি শায়বা শুআবুল ঈমান কিতাবে বর্ণনা করেছেন। যাকে ইমাম বাযযার (র.) হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেছেন। অতঃপর হযরত আউফ ইবনে মালিক (রা.) বর্ণনা করেছেন। যাকে ইমাম বাযযা (র.) আট জন সাহাবী থেকেও বিভিন্ন সনদের সাথে বর্ণনা করেছেন। প্রায় পঞ্চাশটি পৃথক পৃথক হাদীসের কিতাবে নিসফে শাবান তথা শবেবরাতের ফযিলত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। মুহাদ্দিসগণ বলেন, এমন কথা বলা যে অমুক হাদিস যয়ীফ, তমুক হাদীসে দুউফ আছে এগুলি ঠিক নয়। যদি একটি মাত্র সনদের সাথে হাদিস বর্ণিত হয় তবে এক্ষেত্রে কিছু কথা বার্তা গ্রহণযোগ্য হতে পারে। কোন একটি সনদ ও বর্ণনা দেখে ধারণা করা ঠিক নয় যে লিখে দিলাম এতে দুউফ বা দুর্বলতা আছে। অনেকের এ কথা ধারণাই নাই যে, দুউফ বা দুর্বলতা কাকে বলে। জাল হাদিসকে যাইফ বলা হয় না। এবং একথা স্মরণ রাখা প্রয়োজন যে, দুর্বলতা কোন সময়ই হাদীসের মত বা বিষয় বস্তুর মধ্যে হয় না। সনদের মধ্যে কোন কারণে দুর্বলতা আসে। একটি কারণে যদি কোন সনদে দুর্বলতা আসে তবে অপর শক্তিশালী সনদের কারণে এর দুর্বলতা দূর হয়ে যায়। কোন কোন লোক অজ্ঞতাবশতঃ উসুলে হাদিস ও হাদিস শাস্ত্রের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে তাদের বক্তব্য ও কথাবার্তা দ্বারা সমাজে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এগুলো ঠিক নয়। এ ধরনের লোকদের ব্যাপারে উপদেশ হলো, তারা যেন শবে বরাত সম্পর্কে মন গড়া বক্তব্য দিয়ে সমাজে ভুল বোঝাবুঝির সুযোগ করে না দেন, মানুষ মনে করবে শবেবরাত একটি রসম ও রেওয়াজ ছাড়া আর কোন কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) এই হাদিস বর্ণনা করার পর বলেন যে, এসব বর্ণনাকারী বিশ্বস্ত। হযরত আয়েশা (রা.) পৃথক সনদে এটিকে বর্ণনা করেছেন। এই হাদিসকে হযরত মায়ায ইবনে জাবাল (রা.), হযরত আবু মুসা ইশআরী (রা.)ও বর্ণনা করেছেন। এরপর ইবনে হিব্বান (র.)ও বর্ণনা করেছেন। ইমাম ইবনে আসিম (র.) সায়্যিদুনা হযরত আবু বকর (রা.) থেকে বর্ণনা করেছেন। ইমাম বায়হাকী (র.) শুয়াবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। এরপর ইমাম বাযযার (র.) এটিকে সায়্যিদুনা হযরত আবু বকর (রা.) থেকে বর্ণনা করেছেন। ইমাম ইবনে খুযায়মা (র.)ও বর্ণনা করেছেন। এ ছাড়া সাহাবি হযরত আবু সালাবা (রা.)ও বর্ণনা করেছেন, যাকে ইমাম আসিম (র.) কিতাবুস সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা ইবনে তাইমিয়া (র.) যিনি পুরো সৌদি আরবের উলামাদের নিকট বিশ্বস্ত ও গ্রহণযোগ্য বলে পরিচিত, তিনি তার ফতওয়ার ৩০ নম্বর খন্ডের ১৪২ নং পৃষ্ঠায় শবে বরাত সম্পর্কে লিখেন, শাবানের পনেরই রাত যার ফযিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং সাহাবায়ে কেরামদের অনেক আছার তথা তাদের বাণী বর্ণিত আছে। আর এমনিভাবে সলফে সালেহীন, তাবেয়ীন, তাবে-তাবেয়ীনগণের প্রচুর সংখ্যক ব্যক্তিবর্গের বক্তব্য এসেছে এবং এ কথা প্রমাণিত যে তারা সে রাতে গুরুত্ব দিয়ে নামাজ ও ইবাদত বন্দেগি করতেন। হজরত ইমাম শাফেয়ী (রা.) বলেন- শবেকদর ব্যতীত পাঁচটি রাত এমন আছে যাতে দোয়া করলে তা ফিরায়ে দেয়া হয় না- ১) জুমার রাত, ২) উভয় ঈদের রাত, ৩) রজব মাসের প্রথম রাত, ৪) শাবানের পনেরই রাত। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (র.) বর্ণনা করেন, মাছাবাতা বিস সুন্নাহ নামক কিতাব অর্থাৎ সে বিষয়বস্তু যা সুন্নত দ্বারা প্রমাণিত অত্র কিতাবে তিনি শাবান ও শবেবরাতের ফযিলত সম্পর্কে পৃথক অধ্যায় ঠিক করেছেন এবং এ বিষয়ে সব ইমাম হাদিস বিশারদগণের ইজমা বর্ণনা করেছেন। হজরত সায়্যিদুনা গাউসুল শায়েখ আব্দুল কাদির জিলানী (র.) যিনি হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন তিনি তাঁর রচিত গুনয়াতুত তালিবীন এর মধ্যে পৃথক অধ্যায় ঠিক করেছেন এবং গুনয়াতুত তালিবীনের ৩৩৯ পৃষ্ঠায় শবেবরাত সম্পর্কে অনেক হাদিস জমা করেছেন। ইমাম জালাল উদ্দিন সায়ুতী (র.) তাঁর রচিত কিতাব আব্দুল মানছুর এর মধ্যে শবেবরাত সম্পর্কে ২৫টি হাদিস বর্ণনা করেছেন। উক্ত তাফসীরের কিতাবের শেষে আলোচনা প্রসঙ্গে একটি সূ² ঈমান প্রজ্জ্বলিত তথা যা গুনয়াতুত তালিবীন গ্রন্থে আমাদের সকল ওলী আব্দুল, গাউস, কতুবগণের শায়খ সায়্যিদুনা গাউসুল আজম শায়খ আব্দুল কাদির জিলানী (র.) লিখেছেন তা এভাবে বর্ণনা দেন যে, ৫টি অক্ষরের সমন্বয়ে গঠিত (শব্দ সমষ্টি) সায়্যিদুনা গাউসুল আজম (র.) বলেন, শাবানের শীন অক্ষরে আল্লাহতায়ালা মান-সম্মান নিহিত রাখছেন, শাবানের আইন অক্ষরে আল্লাহতায়ালা উচ্চ মর্যাদা ও উন্নতি প্রগতি নিহিত রাখছেন এবং শাবানের বা অক্ষরে আল্লাহতায়ালা পূর্ণ ও তাকওয়া লুকায়িত রেখেছেন আর শাবানের আলিফের মধ্যে আলাহতায়ালা প্রেমপ্রীতি লুকায়িত রেখেছেন এবং শাবানের নুন অক্ষরে আল্লাহতায়ালা নিহিত রেখেছেন। এ ছাড়া তিনি বলেন, এতে খায়রাত খুলে দেয়া হয়, বরকত সমূহ নাজিল হয়। গুনাহ খাতা পরিত্যাগ করা হয় এবং গুনাহসমূহ মিটিয়ে দেয়া হয় এবং প্রচুর পরিমাণে হুজুর (সা.) এর উপর রহমত হতে থাকে। ইমাম কুসতুলানী (র.) একটি মূল্যবান কথা বলেছেন যে, মুওয়াহিবে লাদুনিয়ার ভাষ্যকর ইমাম যুরকানী (র.) বর্ণনা করেন যে, শাবানের ফযিলতের মধ্যে অন্যতম ফযিলত এটিও আছে যে, এটি সেই মাস যাতে আল্লাহতায়ালা হুজুর (সা.) এর উপর দুরুদ আর সালামের আয়াত নাযিল করেছেন। তিনি বলেন যে, উক্ত আয়াত শাবান মাসে নাযিল হয়েছে কাজেই শাবানের সম্পর্ক হুজুর (সা.) এর দুরুদ আর সালামের সাথে বেশি এবং আল্লাহর বখশিশ, মাগফেরাত ও তওবার সাথেও অনেক বেশি। সুতারাং এ রাতের ইবাদতের দ্বারা প্রিয় নবিজী (সা.) এর দরবারেও নৈকট্য অর্জন হয়, বিশেষ করে আল্লাহতায়ালার দরবারে নৈকট্য অর্জন হয়। আল্লাহ তাবারাকা ও তা’য়ালা যেন আমাদের উক্ত বিষয়ের তত্ত¡ অন্তর্নিহিত সারাংশের বুঝ দান করেন এবং সাথে সাথে উক্ত বরকত এবং নিয়ামতগুলো দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন।

তাৎপর্যময় পবিত্র শবে বরাত & শবে বরাত : ফযীলত ও আমল

তাৎপর্যময় পবিত্র শবে বরাত & শবে বরাত : ফযীলত ও আমল পবিত্র শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী। শবে বরাতকে আরবিতে ‘লাইলাতুল বারাআত’ নামে অভিহিত করা হয়। ‘শব’ ফারসি শব্দ। এর অর্থ রজনী বা রাত, আরবিতে একে ‘লাইলাতুন’ বলা হয়। আর ‘বারাআত’ শব্দের অর্থ মুক্তি, নাজাত, নিষ্কৃতি প্রভৃতি। ‘লাইলাতুল বারাআত’ মানে মুক্তির রজনী বা নিষ্কৃতির রজনী। এ রাতে আল্লাহর খাঁটি বান্দারা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে মার্জনা লাভ করে থাকেন। তাই এ রাতকে ‘লাইলাতুল বারাআত’ বা শবে বরাত বলা হয়। নবী করিম (সা.) এ রাতকে ‘লাইলাতুন নিস্ফ মিন শাবান’ অর্থাৎ অর্ধ শাবানের রাত হিসেবে বর্ণনা করেছেন। মুসলমানদের কাছে শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রজনী অত্যন্ত বরকতময় ও মহিমান্বিত বলে বিবেচিত। আল্লাহ পাক মানবজাতির জন্য তাঁর অসীম রহমতের দরজা এ রাতে খুলে দেন। পরম করুণাময়ের দরবারে নিজের সারা জীবনের দোষ-ত্রুটি, পাপকাজ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনার রাত। এ রাতে সর্বশক্তিমান আল্লাহ পরবর্তী বছরের জন্য বান্দার রিজিক নির্ধারণ করে সবার ভাগ্যলিপি লেখেন এবং বান্দার সব গুনাহ মাফ করে দেন। এ রাতের গুরুত্ব সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, পরবর্তী বছরের যাবতীয় ফয়সালা হায়াত, মউত, রিজিক, দৌলত, আমল ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত আদেশ-নিষেধসমূহ ওই রাতে লওহে মাহফুজ থেকে উদ্ধৃত করে কার্যনির্বাহক ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়। লাইলাতুল বরাতে মুমিন বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। মানুষের ভালো-মন্দ কর্মের হিসাব বা আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। শবে বরাতে আল্লাহ তাআলা ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং বিপদগ্রস্ত ব্যক্তিদের উত্তরণের পথ দেখান। এ জন্য মুসলমানদের কাছে শবে বরাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবী করিম (সা.) বলেছেন, ‘যখন মধ্য শাবানের রজনী উপস্থিত হয়, তখন সেই রাত্রি জাগরণ করে তোমরা সালাতে নিমগ্ন হবে এবং পরদিন রোজা রাখবে। কারণ আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং তাঁর বান্দাদের ডেকে ঘোষণা দিতে থাকেন—আছে কোনো ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব, আছে কোনো রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক দেব? আছে কোনো বিপদাপন্ন? যার বিপদ আমি দূর করে দেব? আছে কোনো তওবাকারী? যার তওবা আমি কবুল করব। এভাবে নানা শ্রেণীর বান্দাকে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন।’ (ইবনে মাজা, মিশকাত) নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘শাবানের ১৪ তারিখের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং মুশরিক ও বিদ্বেষী ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন।’ (বায়হাকি)। পাপী লোকেরা যতক্ষণ পর্যন্ত তাদের নিজ নিজ পাপকাজ পরিত্যাগ করে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত শবে বরাতেও তাদের জন্য ক্ষমার দ্বার উন্মুক্ত হবে না। শবে বরাত মানুষের নৈতিক চরিত্র গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। ফলে বান্দা শবে বরাতের তাৎপর্য অনুধাবন করে সর্বক্ষেত্রে অন্যায় পরিহার এবং ন্যায়নীতি প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ হয়। এভাবে ধর্মের প্রতি মানুষের উৎসাহ-উদ্দীপনা বহু গুণে বেড়ে যায়। খাঁটি দিলে তওবা তথা অতীত অন্যায়ের জন্য অনুতাপ এবং ভবিষ্যতে তা না করার সংকল্প গ্রহণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে তিনি অবশ্য তাকে মাফ করতে পারেন। তাই মুক্তির রজনী হিসেবে লাইলাতুল বরাতের আগমন পাপী-তাপী বান্দাদের জন্য এক অনবদ্য নিয়ামতের ভান্ডার। এ রাতে ইবাদত-বন্দেগির মধ্যে নিমগ্ন থাকাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের প্রধান কাজ। এ রাতে তওবা-ইস্তেগফার করা, আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য আকুতি জানানো এবং জীবিত ও মৃতদের পাপরাশি ক্ষমা লাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে। এ রাতে নামাজ, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত ও পরদিন নফল রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জনে সক্ষম হয় এবং ব্যক্তিজীবনে এর বাস্তব প্রতিফলন ঘটে। নবী করিম (সা.) নিজেও এ রাতে কবর জিয়ারত করতেন এবং ইবাদতে নিমগ্ন হতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শাবান মাসের ১৫ তারিখে রোজা রাখবে, দোজখের আগুন তাকে স্পর্শ করবে না।’ (আবু দাউদ) শবে বরাতে করণীয় আমলের সঙ্গে কতগুলো বর্জনীয় বিষয়ও সম্পৃক্ত আছে। এ রাতে অপব্যয় না করে এবং আতশবাজিতে অনর্থক অপচয় না করে সে অর্থ মানবতার কল্যাণকর কাজে বা গরিব-মিসকিনের মধ্যে দান-সাদকা করা অনেক সওয়াব ও বরকতের কাজ। শবে বরাতে আতশবাজি নয়, বরং ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত দেশ ও জাতির কল্যাণ কামনা করতে হবে। প্রকৃতপক্ষে শবে বরাতের বৈশিষ্ট্য অনুষ্ঠানের আড়ম্বরতার মধ্যে নয়, বরং চরিত্রবলের সাধনার মাধ্যমে দয়াময়ের করুণা লাভের আন্তরিক প্রয়াসই এর অন্তর্নিহিত তাৎপর্য। এ রাতে অহেতুক আলোকসজ্জা করা, তারাবাতি জ্বালানো, আতশবাজি পোড়ানো, পটকা ফোটানো প্রভৃতি শরিয়তগর্হিত কাজ। এতে অপসংস্কৃতির সঙ্গে যেমন সাদৃশ্য তৈরি হয়, তেমনি ইবাদতেও যথেষ্ট বিঘ্ন ঘটে। শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের এ বিষয়ে সতর্ক করা অবশ্যকর্তব্য। প্রকৃতপক্ষে শবে বরাত উপলক্ষে এ দেশে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়। ঈমানদার মানুষের মধ্যে অতুলনীয় এক ধর্মীয় অনুভূতি ও চেতনা পরিলক্ষিত হয়। এ রাতে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করাই বান্দার একমাত্র কর্তব্য। তাই সৌভাগ্য আর রিজিক বরাদ্দের, জীবন-মৃত্যুর দিনক্ষণ নির্ধারণের রজনীতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সর্বপ্রকার গোঁড়ামি ও শিরক থেকে পরিত্রাণ লাভের প্রার্থনা করা উচিত। আল্লাহ পাক যেন মুসলিম জাহানের সুখ-শান্তি ও কল্যাণের জন্য তাঁর রহমতের দরজা সারা বছরই খুলে রাখেন—এটাই কায়মনোবাক্যে প্রার্থনা। *************** ফার্সী ভাষায় ‘শব’ শব্দটির অর্থ রাত। ‘বরাত’ শব্দটি আরবী থেকে গৃহীত। বাংলায় ‘বরাত’ শব্দটি ‘ভাগ্য’ বা ‘সৌভাগ্য’ অর্থে ব্যবহৃত হলেও আরবী ভাষায় এ শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। আরবী ভাষায় ‘বারাআত’ শব্দটির অর্থ বিমুক্ত, সম্পর্কছিন্নতা, মুক্ত হওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। ফার্সী ‘শবে বরাত’ ও আরবী ‘লাইলাতুল বারাআত’ অর্থাৎ ‘বিমুক্তির রজনী’ বলতে আরবী পঞ্জিকার ৮ম মাস, শাবান মাসের মধ্য রজনীকে বুঝানো হয়। কুরআন ও হাদীসে কোথাও ‘লাইলাতুল বারাআত’ পরিভাষাটি ব্যবহার করা হয়নি। সাহাবী-তাবেয়ীগণের যুগেও এ পরিভাষাটির ব্যবহার পাওয়া যায় না। এ রাতটিকে হাদীস শরীফে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ‘ মধ্য শাবানের রজনী’ বলা হয়েছে। একজন মুমীনের জন্য ইবাদত পালনের ক্ষেত্রে কুরআন ও হাদীসের নির্দেশনা ভিন্ন অন্য কোন পথ নেই। হাদীস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন- ‘আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমরা ঐ দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, কখনই পথভ্রষ্ট হবে না। তা হল, আল্লাহর কিতাব ও তাঁর নবীর সুন্নাত। {মুয়াত্তা মালিক, হাদীস-১৩৯৫} তাই একজন মুমীন কখনই কুরআন ও হাদীসের নির্দেশনার বাইরে কোন কাজ করতে পারে না। আর করলেও তা কখনও ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। শবে বরাতের ক্ষেত্রেও বিষয়টি সমভাবে প্রযোজ্য। শবে বরাতের রাতে যে সকল লোকের আমল কবুল হয় না বলে বর্ণিত হয়েছে, এমন লোকের সংখ্যা প্রায় এগার এক. মুশরিক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে যে কোন প্রকারের শিরকে লিপ্ত হয় দুই. যে ব্যক্তি কারো প্রতি বিদ্বেষ পোষণকারী তিন. আত্মহত্যার ইচ্ছা পোষণকারী চার. যে ব্যক্তি অপরের ভাল দেখতে পারে না অর্থাৎ পরশ্রীকাতরতায় লিপ্ত পাঁচ. যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, চাই তা নিকটতম আত্মীয় হোক বা দূরবর্তী আত্মীয় হোক ছয়. যে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সাত. যে ব্যক্তি মদ্যপানকারী অর্থাৎ নেশাকারী আট. যে ব্যক্তি গণকগিরি করে বা গণকের কাছে গমণ করে নয়. যে ব্যক্তি জুয়া খেলে দশ. যে ব্যক্তি মাতা-পিতার অবাধ্য হয় এগার. টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ ইত্যাদি ব্যক্তির দুআও তওবা না করা পর্যন্ত কবুল হয় না। তাই শবে বরাতের পূর্ণ ফযীলত ও শবে বরাতের রাতে দুআ কবুল হওয়ার জন্য উল্লেখিত কবীরা গুনাহ সমূহ থেকে খাঁটি দিলে তওবা করা উচিত। অন্যথায় সারারাত জেগে ইবাদত-বন্দেগী করেও কোন লাভের আশা করা যায় না। শবে বরাতের আমল বা করনীয় সম্পর্কে যা জানা যায় তা হল এক. এই রাতে কবর যিয়ারত করা যেতে পারে, তবে তা অবশ্যই দলবদ্ধ ও আড়ম্বরপূর্ণ না হয়ে একাকী হওয়া উচিত দুই. শবে বরাতের রাত্রিতে নামায-দুআ, কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, দরূদ শরীফ ইত্যাদিতে লিপ্ত থাকা ভাল তিন. এই রাত্রিতে দীর্ঘ সিজদায় রত হওয়া উচিত চার. শবে বরাতের পরের দিন অর্থাৎ ১৫ই শাবান রোযা রাখা। তাছাড়া প্রত্যেক আরবী মাসের তের, চৌদ্দ ও পনেরতম তারিখে রোযা রাখা অধিক মর্যাদাপূর্ণ একটি আমল। হাদীস শরীফে বর্ণিত হয়েছে ‘রাসূলুল্লাহ সা. বলেন, প্রত্যেক মাসে তিনটি রোযা এক বৎসরের রোযার ন্যায়। আর আইয়্যামুল বীয (পূর্ণ চন্দ্রময় রজনীর দিবসসমূহ) হল, তের, চৌদ্দ ও পনেরতম দিবস।’ {নাসাঈ শরীফ, হাদীস-২৩৭৭} তবে, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে বেশ কিছু কুসংস্কার ও বিদআত চালু আছে। তম্মধ্যে অন্যতম বিদআত হল হালুয়া-রুটি তৈরী করার এক মহা ধুমধাম। যা নিঃসন্দেহে একটি কুসংস্কার ও বিদআত। তাই, এটি বর্জন করা উচিৎ। সেই সাথে বিভিন্ন কবরস্থানে বা মসজিদে আলোক সজ্জার ব্যবস্থা করাও অপচয়ের গুনাহসহ মস্তবড় একটি বিদআত। সারারাত্রি জাগরণ করে ইবাদত-বন্দেগীর চাইতে শুধু মসজিদে-মসজিদে ঘোরাঘুরি করা আর রাস্তায়-রাস্তায় গল্প-গুজবে মশগুল থাকা এই রাত্রির মর্যাদা পরিপন্থি কাজ। বরং, এই রাত্রিতে মসজিদে সমবেত না হয়ে বাড়িতে একাকী ইবাদত করাই উত্তম। মসজিদে তো দৈনিক পাঁচবার নামাযের ইবাদত হচ্ছেই। নিজেদের বাসা-বাড়িকেও ইবাদতের গৃহ হিসেবে গড়ে তোলা উচিত। তাছাড়াও সকল নফল ইবাদত মসজিদের চাইতে বাড়িতে পালন করাই উত্তম। সারারাত নফল ইবাদত পালন করে যদি ফজরের নামায কাযা হয়ে যায়, এর চাইতে দূর্ভাগ্য আর কি হতে পারে? যদি কারো জীবনে কাযা নামায থেকে থাকে, তাহলে নফল নামায পড়ার চাইতে বিগত জীবনের কাযা নামায আদায় করাটাই বুদ্ধিমানের কাজ এবং জরুরী। আল্লাহ পাক আমাদের সবাইকে তার কুরআন ও হাদীস সম্মত পন্থায় ইবাদত পালনের তাওফীক দিন। আমীন।